প্রতিবন্ধী শিশু হত্যা: ডিএনএ প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
রাজধানীর চকবাজারে ধর্ষণের পর এক প্রতিবন্ধী শিশুকে হত্যার বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী, যে ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার এক যুবকের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে চকবাজার মোড়ে এই মানববন্ধনটির আয়োজন করে ইসলামবাগ অর্নিবাণ সমাজ কল্যাণ সংস্থা।
গত ২১ নভেম্বর রাতে বাসা থেকে বের হলে কে বা কারা বাকপ্রতিবন্ধী মনোয়ারা আক্তার মনিকে (১০) ধর্ষণের পর অচেতন অবস্থায় বেড়িবাঁধের পাশে ফেলে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে মনিকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর মনির বাবা চাঁন মিয়া অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের নামে নারী ও শিশু নির্যাতন আইনে চকবাজার থানায় একটি মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে দেলোয়ার হোসেন (২৪) নামে এক দিনমজুরকে গ্রেপ্তার করে, যিনি নিয়মিত ওই শিশুটিকে উত্ত্যক্ত করতো বলে মনির পরিবারের অভিযোগ।
চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পরপরই দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তিন দিন পুলিশ হেফাজতের থানার পর দেলোয়ার বর্তমানে কারাগারে রয়েছে।
“কিন্তু সে ওই ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি কিছুতেই স্বীকার করছে না।”
তবে নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের এক মাস আগেও দেলোয়ার নিয়মিত মনিকে উত্ত্যক্ত করতো।
“এই ঘটনায় মেসের ম্যানেজার ভুট্টু দেলোয়ারকে সেখান থেকে বের করে দেয়। পরে সে পাশেই আরেকটি ভবনের দোতলায় বসবাস শুরু করে।”
মনির বাবা চাঁন মিয়া অভিযোগ করে বলেন, “আমাদের শতভাগ সন্দেহ দেলোয়ারই আমার মেয়েকে হত্যা করেছে।”
পেশায় মাঝি চাঁন মিয়ার পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে মনি ছিল সবচেয়ে ছোট। ছোটবেলা থেকে সে ঠিক মত কথা বলতে পারতো না।
“মাঝে মধ্যে দুয়েকটা শব্দ মনির মুখ দিয়ে বের হলেও, তারপর আর সে কথা বলতে পারতো না। কিছু বলতে না পারলেও সব ঘটনা বুঝতো মনি,” বলেন তিনি।
মামলার বর্তমান অবস্থা জানতে চাইলে ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনির সঙ্গে পাওয়া আলামতের নমুনা আর দেলোয়ারের কাছ থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করতে দেয়া হয়েছে।
“যেহেতু দিনমজুর দেলোয়ার পুলিশ হেফাজতে কোন দোষ স্বীকার করছে না, তাই ওই রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।”
তিনি বলেন, “ডিএনএ প্রতিবেদনে যদি দেলোয়ারের সম্পৃক্ততা পাওয়া যায়, তখনই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কি না তাও জানা যাবে।”
