টেরাকোটায় ঘরে যাবে হাজার বছরের বাংলা
একসময় বাংলার নানা স্থাপনার সৌন্দর্য্য বাড়াত যে টেরাকোটা, সেই পোড়ামাটির ভাস্কর্যের মাধ্যমেই বাংলার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাচীন বাংলার বহু নিদর্শনের কেন্দ্র বগুড়া থেকে শুরু হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। জেলা সদরের শেখেরকোলা গ্রামে চলছে টেরাকোটার রেপ্লিকা তৈরির কাজ। প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব টেরাকোটা বাজারজাত করার।
প্রাচীন বাংলার সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ ছিল টেরাকোটা। বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সোমপুর বিহার বা পাহাড়পুর, দিনাজপুরের কান্তজীর মন্দির, বাগেরহাটের ষাটগম্বুজ মসিজদসহ প্রত্নতাত্ত্বিক নানা স্থানে মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা আকার, আকৃতি ও নকশার হাজার বছরের পুরনো টেরাকোটা।
বাংলায় ঘর-বাড়িসহ বড় বড় ইমারত, ভবনের সৌন্দর্য্য বাড়ানোর কাজে ব্যবহৃত টেরাকোটায় ফুটে উঠত সমসাময়িক বাংলার শাসকদের নানা স্মৃতি চিহ্ন।বাংলার প্রকৃতি, সমাজব্যবস্থা, উৎসব-পার্বনও স্থান করে নিত টেরাকোটা শিল্পে।
আড়াই হাজার বছরের সভ্যতা ও তার ঐতিহ্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই টেরাকোটার ধারণা ফিরিয়ে আনার উদ্যোগটি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
গত ১৮ অক্টোবর থেকে ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধানের কাজে জড়িত বেসরকারি সংগঠন ‘ঐতিহ্য অন্বেষণ’র উদ্যোগে শেখেরকোলা গ্রামের কুমার পাড়ায় মহাস্থানগড়, নওগাঁ, দিনাজপুর ও বাগেরহাটের আটজন মৃৎশিল্পীকে টেরাকোটা তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিল্পীর হাতে তৈরি করা ৬৫০ টেরাকোটা রেপ্লিকা পোড়ানোর পর প্রাথমিকভাবে উন্মুক্তও করা হয়েছে।
ব্যতিক্রমী এই উদ্যোগের শুরুর কথাও জানালেন তিনি।
“আমরা উয়ারী-বটেশ্বরসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এলাকা খননের সময় দেখেছি, এসব কাজে সাধারণ মানুষ-শ্রমিক যারা জড়িত থাকেন, তারা এসব এতিহ্য সংরক্ষণের বিষয়ে ততোটা সচেতন নন। তাছাড়া উয়ারী-বটেশ্বর এলাকায় একটি উন্মুক্ত জাদুঘর চালুর পর আমরা এ ব্যাপারে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি।
“আবার অনেক সময় পর্যটকরা আমাদের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোয় ভ্রমণ করলেও ফেরার সময় কোনো নিদর্শন (স্যুভেনির) নিয়ে যেতে পারেন না। আমরা ভেবেছি বাংলার আড়াই হাজার বছরের যে ইতিহাস-ঐতিহ্য তা মানুষকে, পর্যটকদের জানানো দরকার।এই চিন্তা থেকেই টেরাকোটা রেপ্লিকা তৈরির উদ্যোগ।”
তবে এ ধরনের উদ্যোগকে বাঁচিয়ে রাখতে সচেতনতার পাশাপাশি সহয়তাও দরকার বলে মনে করেন তিনি।
পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে ঢাকায় টেরাকোটার ওপর বড় আকারের প্রদর্শনী করার পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানান অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
