গুলশানে আলোকচিত্র সাংবাদিককে মারধর
রাজধানীর গুলশানে একদল যুবকের হামলার শিকার হয়েছেন ফ্রিল্যান্স আলোকচিত্র সাংবাদিক নাঈমুজ্জামান খান প্রিন্স।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের মাদানি এভিনিউতে মোটর সাইকেলে যাওয়ার পথে এই হামলা হয় বলে দাবি করেন এই সাংবাদিক।
হামলাকারীরা ‘ছাত্রলীগ নেতা’ বলে নিজেদের পরিচয় দিলেও তাদের পরিচয় সনাক্ত করতে পারেননি প্রিন্স। তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি শুনেছেন, হামলাকারীদের পরিচয় বের করতে পুলিশ চেষ্টা করবে।
প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর আমেরিকান এম্বেসির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি মোটর সাইকেল পাশ দিয়ে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করলে পেছনে ফিরে তাকাই। কেন পেছনে তাকালাম, জানতে চেয়ে ওই মোটর সাইকেল আরোহী যুবক অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
“সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়ে মোবাইলে ফোন দিয়ে আরও কয়েকটি যুবককে সেখানে নিয়ে আসে। তারা সবাই প্রায় আধ ঘণ্টা আমার বুক, পিঠ, ঘাড়ে কিল ঘুষি মারতে থাকে।”
প্রিন্স জানান, এই সময়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে, তখন ওই যুবকরা মোটর সাইকেল নিয়ে সেই এলাকা ছাড়ে।
