২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন লতিফা আকন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নারী উন্নয়ন কর্মী লতিফা আকন্দ মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

লতিফা বুধবার গভীর রাতে ৮৯ বছর বয়সে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে প্রয়াত লতিফা আকন্দের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসে অবস্থানরত তার সন্তানেরা দেশে এসে সিদ্ধান্ত গ্রহণের পর তার দাফন সম্পন্ন করা হবে। 

লতিফা আকন্দ ১লা নভেম্বর ১৯২৫ সালে টাঙ্গাইলের জাঙ্গালিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি ব্রাবোর্ন কলেজ থেকে স্নাতক এবং ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রভাষক হিসেবে ইডেন কলেজে তার কর্মজীবন শুরু করেন লতিফা। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে এবং দীর্ঘ ২৫ বছর অধ্যাপনা করেছেন।

লতিফা আকন্দ পরিত্যক্ত শিশুদের প্রতিপালনের জন্য ১৯৬৪ সালে ‘বাংলাদেশ শিশু প্রতিপালন ও পুনর্বাসন’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।

এছাড়া ‘উইমেন ফর উইমেন’, ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল এর অ্যালামনাই অ্যাসোসিয়েশন’, ‘বাংলাদেশ ফেডারেশন অফ বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন’ ইত্যাদি এবং ‘নিজেরা করি’র কার্যকরী পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার লেখা ‘সোস্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

লতিফা আকন্দ ২০০৭ সালে রোকেয়া পদক পান। ‘রোকেয়া পদক’ প্রাপ্তিতে ‘সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টডিজ’ এবং ‘পাক্ষিক অনন্যা’ তাকে  বিশেষ সন্মাননা দেয় ।