নবাবগঞ্জে ৩ ডাকাত আটক
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির সময় তিন জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ভোরে শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামে প্রবাসী মো. সবুজের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হলে, উপজেলার মদন মোহনপুর গ্রামের মো. মেহেরের ছেলে মো. জসিম (৩০), সুলতানপুর গ্রামের মো. আফজালের ছেলে মুকুল (২৭), আওনা গ্রামের মৃত আনোয়ারের ছেলে ইউনূস (৩৫)।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কায়সার আহমেদ জানান, ভোরে ৭/৮ জনের একটি দল একটি প্রাইভেটকারে সবুজের বাড়িতে আসে।
এ সময় বাড়ির টিনের বেড়া খুলে ডাকারা ভেতরে ঢোকার চেষ্টা করলে লোকজন টের পেয়ে চিৎকার করায় স্থানীয়রা এগিয়ে আসে।
পরে গ্রামবাসী ও নবাবগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ৩ ডাকাতকে আটক করলেও বাকিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এসআই কায়সার আহমেদ আরও বলেন, বৃহস্পতিবার সকালে আটকদের ডাকাতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
