২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলা

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দম কমিশন (দুদক)।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় বাদী হয়ে বুধবার  রাতে শেরপুর সদর থানায় সাতটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, সদস্য বয়তুল্লাহ মেম্বার, মোশারফ হোসেন, আব্দুল মালেক, হাজেরা বেগম, ইসমত আরা, আব্দুর রশীদ ও শফিকুল ইসলাম ওরফে শফিকুল আলম।

মামলার এজাহারের বরাত দিয়ে সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, নকলা বাইপাস সড়ক প্রকল্প নির্মাণের জন্য কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া মৌজার অধিগ্রহণ করা এক দশমিক ৩৯ একর জমির ক্ষতিপূরণ বাবদ ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকার চেক শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়।

আসামিরা পরস্পরের যোগসাজসে  ২০১২ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর শাখা থেকে ওই টাকা উত্তোলন করেন।

সেইসঙ্গে কর্তৃপক্ষকে না জানিয়ে এবং কোনো সরকারি নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে ৬৪ লাখ টাকাই আত্মসাত করেন তারা।

ওসি জানান, প্রতারণা, জালিয়াতের মাধ্যমে কাগজপত্র তৈরি করে সরকারি টাকা আত্মসাতে অভিযোগে আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল মামলাগুলো তদন্ত করছে বলেও জানান তিনি।