২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন : আরও এক র‌্যাব সদস্যের জবানবন্দি

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় মঙ্গলবার রাতে মাগুরা থেকে গ্রেপ্তার হওয়া র‌্যাব-১১ এর এক সদস্য দুই মামলাতেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 11:30 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর খাস কামরায় মো. নুরুজ্জামান নিপু নামের ওই র্যা ব সদস্য ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জবানবন্দি দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

তিনি জানান, দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা সাড়ে চারঘণ্টা ধরে এই জবানবন্দি দেওয়ার সময় হত্যার দায় স্বীকার করেন এবং অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন নুরুজ্জামান।

এর আগে মঙ্গলবার রাতে মাগুরা পুলিশের সহায়তায় মাগুরা  শহরের চৌরঙ্গীর মোড় কাজী টাওয়ার মার্কেটে নিপুর ব্যবসা প্রতিষ্ঠান ‘নিপু ফ্যাশন’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিপু সেনাবাহিনী থেকে র‌্যাবে এসেছিলেন।

নুরুজ্জামান মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সেনাবাহিনী থেকে চাকরি যাওয়ার পর থেকে তিনি বাড়িতে ছিলেন।

গ্রেপ্তারের পরপরই নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ও সাতখুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “ওই হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের স্বীকারোক্তিতে নুরুজ্জামানের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে আদালতে নেয়া হলে নুরুজ্জামান স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার ইচ্ছা জানালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তা রেকর্ড করে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ জনকে অপহরণ ও খুনের  ঘটনার সঙ্গে র‌্যাবের সদস্যরা কে কোন কোন দায়িত্ব পালন করেছে এবং সে নিজে কী দায়িত্ব পালন করেছেন সেসব বিষয়ে অপহরণ ও খুনের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

অন্যদিকে চন্দনের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন।

নুরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, র‌্যাব ১১ -এর মেজর আরিফের নির্দেশে র‌্যাবের অন্য সদস্যরা কাউন্সিলর নজরুলসহ সাতজনকে ইনজেকশন পুশ করে এবং মাথায় পলিথিন পেঁচিয়ে হত্যা করার সময় তিনি ওই একই মাইক্রোবাসেই ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, হত্যার পর ওই সাতজনের লাশ গুম করতে বস্তায় নুরুজ্জামানই ইট ভরেন। পরে র‌্যাবের অন্য সদস্যরা লাশের সঙ্গে বস্তা বেঁধে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।

এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন র‌্যাব সদস্যসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন র‌্যাব সদস্যসহ ১৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।