২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হঠাৎ ঘাটতি

খুব স্বল্প সময়ের মধ্যে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটেছিল বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

জাতীয় গ্রিড এখনো ঝূঁকিপূর্ণ বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঝূঁকি এড়াতে ‘ফিডারের নির্দিষ্ট ও যৌক্তিক লোড’ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে এজন্য সময় লাগবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে ‘ব্ল্যাক আউট প্রতিবেদন’ নিয়ে এক আলোচনায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “লোড বেশি হওয়ায় আন্ডার ফ্রিকোয়েন্সির জন্য এ ঘটনা ঘটেছিল, চাহিদার সাথে ভারসাম্য না থাকায় এ অবস্থা হয়েছিল।”

এর আগে গ্রিড বিপর্যয়ের জন্য কারিগরি ত্রুটির কথা বলা হয়েছিল।

সেজন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “শাস্তি দিয়ে হবে না, এজন্য রিসোর্স ডেভলপ করতে হবে।”

নসরুল হামিদ বলেন, “বিদ্যুৎ লোড অটোমেটিক কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, ম্যানুয়ালি করাতে এ ধরনের সমস্যা হয়।

“বিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু পুরনো সিস্টেম রয়েছে, বেশ কিছুর ঘড়ির সময় জিপিএসের সাথে সিঙ্ক্রোনাইজ নেই, ফ্রিকোয়েন্সি আপ অ্যান্ড ডাউন হলে অনেক জায়গায় ম্যানুয়ালি ফোন দিয়ে কন্ট্রোল করতে হয়, সময়মতো বন্ধ না করলে ট্রিপ করে যায়।

“অটোমেটিক কন্ট্রোল করার জন্য কাজ করা হচ্ছে। এজন্য আরো সময় প্রয়োজন হবে, টেকনিক্যাল ফল্টগুলো কীভাবে ঠিক করা যায় তা আমরা চেষ্টা করছি।”

Image
১ নভেম্বর এমনই অন্ধকার ছিল ঢাকা।

১ নভেম্বর এমনই অন্ধকার ছিল ঢাকা।

বিদ্যুতের গ্রিডগুলো এখনো ঝূঁকিপূর্ণ কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এক কথায় বলা যায়, এখনো তাই। আমাদের লোকজন যে ঝুঁকি নিয়ে কাজ করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের অতি দ্রুত অটোমেশনে যেতে হবে- সেজন্য কাজ করে যাচ্ছি।”

পরিকল্পনায় ত্রুটির কারণে এই পরিস্থিতি কি না-সে বিষয়ে তিনি বলেন, “পলিসি মিসটেক না, সময়ের কারণে হয়ে ওঠেনি। যতো দ্রুত আমরা ডেভলপ করেছি ততো দ্রুত আমরা পার্টিসিপেন্টগুলো করতে পারিনি, এটা দেখা যাচ্ছে। এখন আর বসে থাকার সময় নেই, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্ত কমিটি ২২টি স্বল্পমেয়াদি এবং ১০টি মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ করে।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, “এ ধরনের সমস্যা এড়াতে ফিডারের লোড অটোমেটিক কন্ট্রোল সিস্টেম করতে হবে। এজন্য আরো কিছুদিন সময় দিতে হবে, আমরা কাজ করে যাচ্ছি।”

গত ১ নভেম্বর হঠাৎ করেই কুষ্টিয়ার ভেড়ামারা সঞ্চালন কেন্দ্রে বিদ্যুৎ বির্পযয় দেখা দেয়। এ সময় ভারতের সঙ্গে সঞ্চালন লাইনও বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া।

একই সময় দেশের উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়, ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। সারা দেশে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়।

এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ওইদিনই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।