২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক জব্বারের রায় যে কোনো দিন

জাতীয় পার্টির সাবেক নেতা ‘পলাতক’ আব্দুল জব্বারের যুদ্ধাপরাধ মামলার রায় হবে যে কোনো দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:42 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের মতো পাঁচটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এখন যে কোনো দিন আদালত এ মামলার রায় দিতে পারে।

শুনানির শেষ দিন জব্বারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান। রাষ্ট্রপক্ষে সমাপনী যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।

সমাপনী যুক্তি উপস্থাপনে প্রসিকিউটর জাহিদ ইমাম বলেন, অভিযুক্ত আব্দুল জব্বার মুসলিম লীগের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই ২৪ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন।

তিনি এসব অপরাধের জন্য জব্বারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ট্রাইব্যুনালের কাছে।

এর আগে আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করে আবুল হাসান ট্রাইব্যুনালকে বলেন, যেসব অভিযোগ প্রসিকিউশন এনেছে তাতে জব্বার কখনোই যুক্ত ছিলেন না। তবে তিনি ও তার পরিবার দেশের বাইরে অবস্থান করায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে আসামির পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব হয়নি।

গত ১৪ অগাস্ট জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়।

পিরোজপুরের সাবেক সাংসদ জব্বারের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গত ১২ মে জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তাকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় এরপর নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। তাতেও তিনি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় বিচারক তাকে ‘পলাতক’ ঘোষণা করে অভিযোগ গঠনের শুনানি শুরু করেন।

পলাতক জব্বারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসান।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, আব্দুল জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলীম লীগ নেতা। জব্বার নিজে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান। জাতীয় পার্টির টিকিটে মঠবাড়িয়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, আনুমানিক ৮০ বছর বয়সী এই প্রকৌশলী বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী।

পাঁচ অভিযোগ

প্রথম অভিযোগ: ইঞ্জিনিয়ার জব্বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়িতে দুইজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। এছাড়া নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়িতে লুট করেন এবং অগ্নিসংযোগ করে।

দ্বিতীয় অভিযোগ: মুক্তিযুদ্ধের সময় জব্বার ফুলঝুড়িতে একজনকে হত্যা করেন এবং ৩৬০টি বাড়িঘরে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন।

তৃতীয় অভিযোগ: নলীতে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়ির মালামাল লুণ্ঠন করেন এবং অগ্নিসংযোগ করেন জব্বার।

চতুর্থ অভিযোগ: ফুলঝুড়িতে প্রায় দু’শ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের লোককে জোরপূর্বক ধর্মান্তরিত করেন জব্বার।

পঞ্চম অভিযোগ: আঙ্গুলকাটা এবং মঠবাড়ীয়া থেকে ৩৭ জনকে আটক, মালামাল লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, ১৫ জনকে গুরুতর জখম এবং ২২ জনকে হত্যা করেন জব্বার।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: জব্বারের বিচার শুরু