ফোরকানের অভিযোগের শুনানি ৯ ডিসেম্বর
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ৯ ডিসেম্বর ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশ দেয়।
এদিন ফোরকান মল্লিকের পক্ষে আইনজীবী হিসেবে ওকালতনামা জমা দেন আব্দুস সালাম খান।
গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনালে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, র্ধষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী আট অপরাধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেন প্রসিকিউটর মোখলছেুর রহমান বাদল।
স্বাধীনতা যুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকান লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগ আনা হচ্ছে ফোরকানের বিরুদ্ধে।
একাত্তরে হত্যা, র্ধষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালে ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা করেন।
এবছরের ২৫ জুন ফোরকান মল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ আটকের পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় ২৬ জুন থেকে।
ফোরকানের বিরুদ্ধে ৫ অভিযোগ
অভিযোগ ১: ১৯৭১ সালে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে (২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে) কোনো একদিন সন্ধ্যা ৬টার দিকে ফোরকান মল্লিক ও সঙ্গী অন্য রাজাকাররা পাকিস্তানি সেনাদের পথ দেখিয়ে গানবোটে করে নিয়ে এসে মির্জাগঞ্জ থানাধীন কাকড়াবুনিয়া গ্রামের হাওলাদার বাড়ির মো. কাঞ্চন আলী হাওলাদার, হাজী আবুল হাশেম হাওলাদারসহ মোট সাতজনকে আটক, নির্যাতন, তাদের বাড়িঘর লুটপাট করে। তাদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করে একমাস আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ ২: ১৯৭১ সালের আষাঢ় মাসের শেষদিকে (২ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে) যে কোনোদিন সকাল সাড়ে ৯টা থেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ফোরকান মল্লিক ও রাজাকাররা একদল পাকিস্তানী সেনাকে নিয়ে গানবোট ও স্পিডবোটসহ মির্জাগঞ্জ থানাধীন দেউলী গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হায়দারসহ ছয়জনের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
অভিযোগ ৩: ১৯৭১ সালের ১২ অগাস্ট থেকে ৩১ অগাস্ট তারিখের মধ্যে ফোরকান মল্লিক ও রাজাকাররা একইভাবে পাকিস্তানী সেনাদের নিয়ে মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী গ্রামে মুক্তিযোদ্ধাদের সংবাদবাহক কাকড়াবুনিয়া গ্রামের হাফিয উদ্দিন খলিফা, মির্জাগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কাদের জমাদ্দার, সুবিদখালী বাজারের ডাক্তার দেবেন্দ্রনাথ সরকার ও তার স্ত্রী বিভা রাণীকে আটক, নির্যাতন, হত্যা, গণহত্যা, লুটপাট, ধর্ষণ, ধর্মান্তরিতকরণ ও দেশত্যাগে বাধ্য করে।
অভিযোগ ৪: ১৯৭১ সালের ভাদ্র মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত (২২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত) ফোরকান মল্লিক ও তার সঙ্গী রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে কাকড়াবুনিয়া বাজার ও গ্রামের চারজনকে আটক, জখম, হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
অভিযোগ ৫: ১৯৭১ সালে ভাদ্র মাসের মাঝামাঝি (২৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর) যে কোনো দিন ভোর আনুমানিক ৬টায় ফোরকান মল্লিক ও সঙ্গী রাজাকাররা মির্জাগঞ্জের দক্ষিণ কলাগাছিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মৃধার বাড়িতে লুটপাট ও নির্যাতন চালায়।
