সাতখুনে আরেক র্যাব গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত অভিযোগে মাগুরা থেকে সাবেক এক র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুরুজ্জামান সাতখুনের ঘটনা প্রকাশের পরপর সেনাবাহিনী থেকে চাকরিচ্যুৎ হয়েছিলেন বলে তার এক ভাই জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরের কাজী টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
নুরুজ্জামান মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সেনাবাহিনী থেকে চাকরি যাওয়ার পর থেকে তিনি বাড়িতে ছিলেন।
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ও সাতখুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ওই হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের স্বীকারোক্তিতে নুরুজ্জামানের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা সদর থানায় উপস্থিত নুরুজ্জামানের বড় ভাই জসিমউদ্দিন মৃধা বলেন, “নারায়ণগঞ্জে ওই হত্যাকাণ্ডের ১৫ দিন আগে র্যাব-১১ সিপিসি-১ এ যোগ দিয়ে নারায়ণগঞ্জ যায় সেনা সদস্য নুরুজ্জামান।
“পরে খুনের ঘটনা ঘটলে সে চাকরিচ্যুত হয়ে বাড়িতে ফিরে এসে এতোদিন বাড়িতে অবস্থান করছিল। নুরুজ্জামান ১৩ বছর সেনাবাহিনীতে চাকরি করেছে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।
অন্যদিকে চন্দনের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন।
এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন র্যাব সদস্যসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন র্যাব সদস্যসহ ১৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
