যুবলীগকর্মী আমজাদ হত্যা: ৩৫ ঘণ্টা পর মামলা
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় যুবলীগকর্মী আমজাদ হোসেন মোল্লা নিহত হওয়ার ৩৫ ঘণ্টা পর মামলা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে নিহতের স্ত্রী বিলকিস বেগম মিলি বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি করেন বলে জানান আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মিলি জানান, তার স্বামী আমজাদ হোসেন মোল্লা বাড়ি থেকে বের হওয়ার পথে পাঁচরুখী বাজারে আসামিরা তার উপর হামলা চালায়।
তাকে (আমজাদ) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ে গুলি করে হত্যা করে। পরে তার লাইসেন্স করা পিস্তলও ছিনিয়ে নিয়ে যায় তারা।
গত রোববার সকাল ১০টার দিকে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ চলাকালে যুবলীগকর্মী আমজাদ হোসেন মোল্লা গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
ওইদিন বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার পর রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ নয় জনকে আটক করেছে।
