২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় আসামির ভাইকে 'নির্যাতন'

ঢাকার নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহমেদের বিরুদ্ধে আসামির ভাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার নবাবগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন  মাদক মামলার আসামি কবির হোসেনের বড় ভাই মো. মাসুদ।

সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, সোমবার রাত ১টার দিকে কোমরগঞ্জ এলাকায় তার বাড়িতে ২/৩ জন পুলিশ সদস্য নিয়ে উপস্থিত হন এসআই কায়সার। একটি মাদক মামলার আসামি ছোট ভাই কবির হোসেন কোথায় আছে জানতে চান কায়সার।

এ সময় কবিরের বিষয়ে কিছু জানেন না বলায় এসআই কায়সার তার স্ত্রী,  মাসহ তাকে অকথ্য ভাষায় গালিগাল দেন।  

এক পর্যায়ে তাকে চোখ বেঁধে লাঠি দিয়ে  উরুর বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে। এরপর  থানায় নিয়েও আরেক দফা নির্যাতন চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, থবর পেয়ে মঙ্গলবার সকালে এলাকার লোকজন থানা থেকে ছাড়িয়ে নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ব্যাপারে এসআই কায়সার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি ভাগিয়ে দেয়ার অভিযোগে মাসুদকে আটক করে শাসন করা হয়েছে। পরে এলাকাবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।”