২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার বাড়ি যাওয়া হলো না জেসমিনের

যশোরের শার্শায় বাপের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:57 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে বালুভর্তি একটি ট্রাক এক মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার (২০) ঝিকরগাছা উপজেলার শিয়ালকোনা গ্রামের নয়ন হোসেনের স্ত্রী।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, জেসমিন স্বামীর সঙ্গে মোটরসাইকেলে সাতক্ষীরায় বাবার বাড়ি যাচ্ছিলেন।

পথে নাভারন সাতক্ষীরা মোড়ে যশোর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই জেসমিন মারা যান এবং স্বামী নয়ন (২৩) ও সন্তান ময়না (১) মারাত্মক আহত হন।

আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক আব্দুর রহিম বলেন, বালুবহনকারী ট্রাকটি নাভারন হাইওয়ে পুলিশ আটক করলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি।