২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু জিহাদ অপহরণ ও হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:14 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ্ আল আমিন এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডিত দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে নিহতের পরিবারকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাদেক, ওয়াসিম ও মো আব্দুস সালাম শিকদার।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন মো. স্বপন ও মোসাম্মৎ লাকী আক্তার।

এদের মধ্যে ওয়াসিম, সালাম শিকদার ও লাকী আক্তার পলাতক রয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মো. সাকিল নামে একজনকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান।

মামলা বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ২৬ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাড়ি থেকে সাড়ে চার বছরের শিশু জিহাদকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। ওইদিনই রাত সাড়ে ৮টায় একটি মোবাইল ফোন থেকে শিশু জিহাদের মার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে দুদিন পর ২৮ জুন চাষাঢ়া শহীদ মিনারে থাকতে বলে অপহরণকারীরা।

অপহরণকারীদের কথামতো শহীদ মিনারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা র‌্যাব তিন আসামি ওয়াসিম, সালাম ও সাদেককে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অপহরণকারীদের চিনে ফেলায় অপহরণের একদিন পর ২৭ জুন সন্ধ্যায় শিশু জিহাদকে ঘুমন্ত অবস্থায় কাঁচপুর ব্রিজের উপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে তারা।

এই ঘটনায় জিহাদের মা মাসুমা আক্তার বাদী হয়ে সাত জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

জিহাদের বাবা আক্তার হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করলেও সাকিলকে খালাস দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী দেওয়ান শাহাজাহা বলেন, আমরা ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে আপিল করব।