২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানী জগদীশ বসুর বাড়ি সংরক্ষণের নির্দেশ

মুন্সীগঞ্জের রাড়িখালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 03:49 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও শ্রীনগর থানার ওসিকে

সাত দিনের মধ্যে প্রতিপালন করতে বলা হয়েছে।

১৯৬৮ সালের অ্যান্টিকুইটিস অ্যাক্টস এর ১০ ধারা অনুসারে জগদীশ চন্দ্র বসুর ৩০০ বছরের পুরনো বাড়ি সংরক্ষণে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

এছাড়া সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে ওই বাড়ি সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ওই বাড়িকে প্রত্নতাত্ত্বিক স্থান ঘোষণা করে কেন গেজেট প্রকাশ করা হবে না-তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সংস্কৃতি সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, ভূমি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার এবং শ্রীনগর থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে বলেন, আইন অনুসারে এই ঐতিহাসিক স্থান সংরক্ষণে সরকার বাধ্য। এ ধরনের বাড়ি সংরক্ষণে প্রত্বতত্ত্ব আইনের ১০ ধারায় নির্দেশনা থাকলেও সরকার এই বাড়ির ক্ষেত্রে তা পালন করেনি।

‘জগদ্বিখ্যাত বিজ্ঞানীর এই বাড়ি যে কোনো সময় ধসে পড়তে পারে’ শিরোনামে গত ২৩ নভেম্বর একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে গত ২৬ নভেম্বর মনজিল মোরসেদ এই রিট আবেদন আদালতে জমা দেন। এতে বাদী হিসাবে রয়েছেন আসাদুজ্জামান সিদ্দিকী।

দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনে বাড়িটির বিবরণ দিয়ে বলা হয়, “হলুদ জরাজীর্ণ একতলা ভবন। রংচটা পুরনো ভবনের গায়ে লেখা জেসি বোস ইনস্টিটিউট। তবে গাছপালায় এমনভাবে ঢাকা পড়েছে খুব কাছে না এসে বোঝা যাবে না।

“তবে এটি সামনের মনুমেন্ট। এটি দেখেই বোঝা যায়-বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে। এছাড়া বড় আকারের নতুন আরও কয়েকটি ভবন রয়েছে। সেগুলোতে ফলাও করে নানা নকশায় বিভিন্ন দাতাদের পছন্দের ব্যক্তিদের নাম। কোথাও বিজ্ঞানীর নাম চোখে পড়বে না।”

গাছের যে প্রাণ আছে- তা এই বাঙালি বিজ্ঞানীই প্রথম দেখিয়েছিলেন। রেডিও আবিস্কারের পথ দেখানোর কৃতিত্বও তাকে দেওয়া হয়।

জগদীশচন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বসু ব্রিটিশ আমলে ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে তারা কলকাতায় চলে যান।