‘রাজাকার কমান্ডার’ সাখাওয়াত গ্রেপ্তার
যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন গ্রেপ্তার হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার ইকবাল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উত্তরখান থানার ওসি ইউনুস আলি।
তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানিয়েছেন।
জাতীয় পার্টির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা।
১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন।
১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি। ২০০১ সালের সপ্তম সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে আবারো পরাজিত হন।
পরে ২০০৬ সালে অলি আহমেদের এলডিপিতে যোগ দিলেও পরের বছর দেশে জরুরি অবস্থা জারির পর তিনি যোগ দেন ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে। ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হলে এরশাদের জাতীয় পার্টিতে ভিড়ে যান সাখাওয়াত
সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১৯৭১ সালে মুক্তিযদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন।
সাখাওয়াত হোসেনের বাবার নাম ওমর আলী, গ্রাম হিজলডাঙ্গা, থানা কেশবপুর, জেলা যশোর।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালে যশোরে সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই বছর জুন মাসে তাকে কেশবপুর থেকে গ্রেপ্তারও করা হয়। তবে পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান।
