ময়মনসিংহে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের নান্দাইল পৌর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসের সামনে বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন তুহিন ও সাবেক সাংসদ আব্দুস সালামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম জানান।
সংঘর্ষে গুরুতর আহত আবুল মনসুরকে (৬০) ময়মনমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ওসি জানান।
মনসুর কোন পক্ষের কর্মী সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্মেলন চলাকালে সেখানে একটি ঢিল নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে পুলিশ জানায়।
পরে ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ওসি সাইফুল জানিয়েছেন।
নান্দাইলের ইউএনও ওয়াহেদুল ইসলাম জানান, এ ঘটনার পর নান্দাইল সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
