২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালতের রুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক হারুন-অর-রশীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:56 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক (শিক্ষা) মোঃ হাফিজুর রহমানের করা এক মামলায় সোমবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি কাজী মো. ইজাজুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বাদী পক্ষে ছিলেন এডভোকেট আব্দুর রব চৌধুরী।

আগামী ১০ দিনের মধ্যে ওই রুলের জবাব দেওয়ার জন্য ভাইস-চ্যান্সেলরকে নির্দেশ দেন আদালত ।

২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তার অবৈধভাবে জনবল নিয়োগের উদ্দেশ্যে একাধিক পত্রিকায় জাল নিয়োগ বিজ্ঞপ্তির অভিযোগে জনস্বার্থে জয়দেবপুর থানায় মামলা করেন হাফিজুর রহমান।

মামলায় সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শমশের উজ্জামান, সাবেক উপ-রেজিস্ট্রার মো. শহীদুর রহমান, সাবেক জনসংযোগ পরিচালক মো. মুহাত্তের ও সাবেক জনসংযোগ সহকারি পরিচালক আতিকুর রহমান হেলালকে আসামি করা হয়।

হাফিজুর রহমান বলেন, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন ও চাকুরি সংবিধি লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে বিশেষ ব্যবস্থায় চার্জশিটভুক্ত ও সাজাপ্রাপ্ত ওই আসামিদের বেতন-ভাতাদি দিতে থাকেন।

পরে বিশ্ববিদ্যালয়ের তহবিল ‘তসরুপ ও অর্থ আত্মসাত’ করার অভিযোগে জনস্বার্থে ২০১২ সালের ৭ জুন সাবেক উপাচার্য কাজী শহীদুল্লাহ, সাবেক উপ-উপাচার্য তোফায়েল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আরো একটি দুর্নীতি মামলা করেন তিনি।

হাফিজুর বলেন, “এসব মামলা করার কারণে আসামিরা আক্রোশবশত সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাকে চাকুরি হতে বরখাস্ত করেন।”

ওই বরখাস্তের  আদেশের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন। আদালত ওই বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে ২৩ সেপ্টেম্বর রুল জারি করে আদালতক।

তিনি বলেন, “ওই স্থগিত আদেশের কপি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে কর্মস্থলে যোগদান করতে গেলে মামলার আসামিরা তা গ্রহণ করেনি এবং আমার বেতন-ভাতাদিসহ পূর্বের কোনো সুযোগ-সুবিধা ফিরিয়ে দেয়নি।”

এর পর এ বছরের ২৯ অক্টোবর হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন তিনি।