২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণে নিহত বিজিবি সদস্যের লাশ দাফন

গ্রেনেড বিস্ফোরণে নিহত বিজিবির সিপাহি মো. হাসানুর রহমান সিকদারের লাশ দাফন করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:50 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

সোমবার সকাল ১১টায়  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

ভোরে হাসানুরের লাশ গ্রামের বাড়িতে পৌঁছানের পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।

রোববার সকালে খাগড়াছড়িতে বার্ষিক প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে হাসানুর রহমানসহ ২ বিজিবি সদস্য নিহত হন।

দুপুরে হাসানুরের মৃত্যুর সংবাদ শোনার পরপরই শোকে নিস্তব্ধ হয়ে পড়ে পরিবারটি। হাসানুরের রয়েছেন স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান। 

হাসানুর রহমানের স্ত্রী হোসনেয়ারা শোভার আহাজারি থামানো যাচ্ছে না কোনোভাবেই।

এরমধ্যেই তিনি বলেন, “সকালে প্রশিক্ষণে যাওয়ার আগে আমার সঙ্গে মোবাইল ফোনে তার শেষ কথা হয়। তখন তিনি পারিবারের খোঁজ-খবর নেন। সর্বশেষ তিনি আমাকে দোয়া করতে বলেছিলেন।” 

এ সময় আবার তিনি কান্নায় ভেঙে পড়েন।

মেয়ের জন্মদিনে বাড়ি আসা হলো না

ডিসেম্বরে হাসানের একমাত্র মেয়ে সোহেলী খানমের জন্মদিন। কথা ছিল জন্মদিনে মেয়েকে একটা সোনার চেইন উপহার দেবেন।

বাবাকে হারিয়ে শোকে বাকরুদ্ধ এখন গোপালগঞ্জ শহরের যুগশিখা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সোহেলী।

সোহেলী কান্নাজনিত কণ্ঠে বলে, “আমাকে ভালো লেখাপড়া করানোর জন্য বাবা শহরে পাঠান। তার ইচ্ছা ছিল লেখাপড়া শিখে আমি অনেক বড় হব। তার সে আশা পূরণ হওয়ার আগেই আমাদের ছেড়ে চলে গেলেন।”

“আমার জন্মদিনে বাবা আসতে চেয়েছিলেন। আমার জন্য একটি স্বর্ণের চেইন আনবেন বলেছিলেন। কিন্তু একটি গ্রেনেড আমার বাবার সব আশা ভরসা শেষ করে দিলে।”

হাসানুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিরাজ উদ্দিন সিকদারের ছেলে। ১৯৯২ সালে তিনি বিজিবিতে যোগ দেন।

ছয় ভাইবোনের মধ্যে হাসানুর রহমান দ্বিতীয়। তারা তিন ভাই ও তিন বোন।

মেয়ের পড়াশোনার সুবিধার্থে স্ত্রী আর একমাত্র কন্যা সন্তান থাকেন গোপালগঞ্জ শহরের মিয়া পাড়ার ভাড়া বাসায়।