জামালপুরে ৪ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
জামালপুরে চার ভুয়া চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
তারা হলেন- শহরের বসাকপাড়া মোড়ে দয়াময়ী ডেন্টাল কেয়ারের মালিক রূপম দেব (২৭), বজ্রাপুরের শিপ্রা মেডিকেল হলের মালিক দেবেষ পাল (৩৬), বানিয়া বাজারের নিউ মডেল ফার্মেসীর মালিক এস এম জাহাঙ্গীর (৫০) ও মেডিকেল রোডের বেঙ্গল ডেন্টাল কেয়ারের মালিক চিকিৎসক এম এম হোসাইন (৪০)।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো বৈধ সনদ না নিয়ে চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার দায়ে এসএম জাহাঙ্গীরকে দুমাসের কারাদণ্ড ও বাকি তিনজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ উদ্ধার করে নষ্ট করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।
