২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়বিচার হয়েছে: প্রসিকিউশন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার হয়েছে বলে প্রতিক্রিয়ায় বলেছে প্রসিকিউশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 12:57 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক এ বিএনপি নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল, “খোকন ফরিদপুরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছিলেন, যে ম্যাস কিলিং করেছিলেন সে কিলিংগুলো আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি।

“তার বিরুদ্ধে ১১টির মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ছয়টিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর বাকী চারটিতে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।”

পলাতক এ যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “গ্রেপ্তারের পর তার সাজা কার্যকর করা হবে।

“রায়ের পর্যবেক্ষণে আদালত যা বলেছে, জাহিদ হোসেন খোকন একাত্তর সালে একক ও সম্মিলিতভাবে নিরস্ত্র মানুষকে হত্যার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অপরাধ সংঘটন করেছিলেন।”

যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর পর থেকেই পলাতক খোকন এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। তবে সুইডেনপ্রবাসী বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, সেখানেই বড় ছেলে ও মেয়ের সঙ্গে বহাল তবিয়তে রয়েছেন খোকন।