২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ‘চোরাচালানির’ মৃত্যু

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 02:28 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন।

পুলিশ বলছে, নিহত মনিরুল ইসলাম (২৭) চোরাকারবারের সঙ্গে যুক্ত। তিনি সদর উপজেলার গজারিয়া শিকড়ী গ্রামের মো. রজব আলীর ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার গজারিয়া শিকড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল আব্দুর রহিম গুরুতর আহত হয়েছেন। এএসআই আমিনুলের বুকে ও পিঠে মারাত্মক ক্ষত হয়েছে এবং কনস্টেবল আব্দুর রহিমের একটি হাত ভেঙে যায়।

আমিনুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এবং আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া এ ঘটনায় নিহত মনিরুলের বাবা মো. রজব আলী ও সাইফুল ইসলাম নামে অপর এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সাইফুল কালিয়ানী গ্রামের জামাত আলীর ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আজমল হোসেন সাংবাদিকদের জানান, বৈকারি সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছে গোপনে এমন খবর পেয়ে ডিবি পুলিশ একটি মাইক্রোবাসে করে সেখানে অভিযানে যায়।

"শিকড়ী এলাকায় পৌঁছলে চোরাকারবারিরা ডিবি পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে। এ সময় তাদের ছুরিকাঘাতে এএসআই আমিনুল ও কনস্টেবল রহিম আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।"

পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, পরে রাতে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে ওই এলাকায় চোরাকারবারিদের ধরতে ফের অভিযানে যায় পুলিশ।

এ সময় ঘটনাস্থলের পাশে মনিরুলের হাতে দেশে তৈরি একটি ওয়ান শুটারগানসহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরের অভিযানে ওই এলাকা থেকে দুইটি দা, দুইটি ছোরা এবং ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ডিবি ওসি আজমল হোসেন বলেন, "মনিরুল চোরাকারবারের সঙ্গে যুক্ত। প্রথমবার হামলার সময় আত্মরক্ষার্থে ছোড়া পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।"