টাকাসহ গ্রেপ্তার ইলিয়াস দুদকের হেফাজতে
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াস ভুঁইয়াকে মুদ্রা পাচার আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী ইলিয়াসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে ইলিয়াসকে মুদ্রা পাচার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক জিজ্ঞাসাবাদের জন্য ইলিয়াসের সাত দিনের রিমান্ড চান।
গত ১৪ অক্টোবর সকালে এক আইনজীবীর মোবাইল ফোনে জেএমবি সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেওয়ার পর আদালত ভবন এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ব্যাগভর্তি প্রায় ৫৮ লাখ টাকাসহ ইলিয়াসকে আটক করে।
অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার এক কর্মচারীকে দিতে এসব টাকা নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় এলএ শাখার কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ উঠলে শাখাটির ১২ কর্মচারীকে বদলি করা হয়।
এ ঘটনায় পুলিশ প্রথমে ইলিয়াসকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করলেও ২০ অক্টোবর তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করে কোতোয়ালী থানা পুলিশ। পরে আর তাকে রিমান্ডে দেয়নি আদালত।
