২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তা সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোর প্রায় ১১ হাজার উদ্যোক্তাকে ‘সম্মানিত’ করতে রাজধানীতে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলনের’ আয়োজন করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ উপলক্ষ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে যে প্রযুক্তি যোদ্ধারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের আমরা সম্মানিত করতে চাই।

“গত চার বছর আগে যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো যাত্রা শুরু করেছিল, সেগুলোই এখন ডিজিটাল সেন্টার নামে পরিচিতি। এগুলোর মাধ্যমে শুধু তথ্যই নয়, বরং সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য।”

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন ৪ হাজার ৫৪৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। এছাড়াও ৩২১টি পৌরসভা ও ১১ সিটি কর্পোরেশনের ৪০৭টি ওয়ার্ডেও রয়েছে ডিজিটাল সেন্টার।

এসব কেন্দ্র থেকে ৬০ ধরনের সরকারি-বেসরকারি সেবা নিতে পারছেন নাগরিকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত চার বছরে এসব ডিজিটাল কেন্দ্র থেকে প্রায় ১২ কোটিটি সেবা দেওয়া হয়েছে। জন্ম নিবন্ধন করা হয়েছে ৭ কোটি। আর এসব ডিজিটাল সেন্টার থেকে মোট আয় হয়েছে ১৪০ কোটি।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “একমুখী অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব নয়। এজন্য আমাদের ট্রেড ডাইভার্সিটি প্রয়োজন।

“শ্রম নির্ভর অর্থনীতি থেকে মেধা ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে এ ডিজিটাল সেন্টারগুলো বিশেষ ভূমিকা রাখছে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।