নিরাপত্তাকর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই
রাজধানীর রামপুরায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীকে গুলি করে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল বাশার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় এ হামলার শিকার হন বেলায়েত।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে বেলায়েতকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে গুলি লেগেছে।
বনি অ্যাপারেলসের ম্যানেজার বাশার বলেন, “বেলায়েত ও আমি রামপুরার জনতা ব্যাংক থেকে প্রতিষ্ঠানের দুই লাখ ৮০ হাজার টাকা তুলে নিয়ে ফিরছিলাম। এসময় কয়েকজন যুবক গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় বেলায়েত চিৎকার করলে তার ডান পায়ের উরুতে গুলি করে চলে যায়।”
