রামপুরায় চালককে খুন করে গাড়ি ছিনতাই
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে এক চালককে গুলি করে হত্যা করে প্রাইভেট কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত ফারুক খানের (২৮) বাড়ি বাগেরহাটে। তিনি মংলা থেকে গাড়িটি চালিয়ে বনশ্রী আবাসিক এলাকার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে এসেছিলেন। ওই ব্যক্তি সম্প্রতি গাড়িটি কেনেন বলে পুলিশ জানিয়েছে।
রামপুরার ওসি মাহববু আলম তরফদার বলেন, রোববার রাত ৩টার দিকে বনশ্রী জামে মসজিদের সামনে ফারুককে গুলি করে গাড়ি নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা দুটি গুলির শব্দ শুনে থানায় খবর দেয়।
“ফারুকের গায়ে দুটো গুলি লাগে। সে ঘটনাস্থলেই মারা যায়।”
লাশের সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা যায় বলে জানান ওসি। তবে ফারুক যার জন্য গাড়িটি এনেছিলেন, তার নাম তিনি জানাতে পারেননি।
