রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর পল্টনে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তার বাবার মৃত্যুর পর চালককে আটক করেছে পুলিশ।
নিহত শফিউদ্দিন মাস্টার (৭৫) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিকের বাবা। থাকতেন ঢাকার মতিঝিলের মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের মুকিমপুরে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানার সামনে দুর্ঘটনায় শফিউদ্দিন গুরুতর আহত হন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি বলেন, “পল্টন থানার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর রাত ১০টায় শফিউদ্দিন মারা যান।”
এ ঘটনায় মোটরসাইকেল চালক হারুনুর রশীদকে আটক করেছে পুলিশ।
