২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সদস্যকে ‘অপহরণকারী’ পুলিশকে ধরেছে র‌্যাব

ঢাকায় সাবেক এক সেনাসদস্যকে আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 12:23 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর পুলিশের প্ররক্ষা (প্রটেকশন) বিভাগে কর্মরত। তিনি সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবদুল মান্নানকে আটকে রেখে তার ব্যাংক হিসাব থেকে দেড় লাখ টাকা তুলেছেন বলে র‌্যাব জানিয়েছে।

শনিবার দুপুরে ধানমণ্ডি অরচার্ড প্লাজার সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর কর্মকর্তা এএসপি ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, গত ৬ নভেম্বর মান্নানকে তার বনানীর বাসা থেকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর ও তার তিন সহযোগী।

“মান্নানকে প্রথমে আরেক জায়গার সরিয়ে নেয় তারা। তার বাসা থেকে বিভিন্ন ব্যাংকের চেকও নিয়ে আসে তারা। এরপর তাতে মান্নানের স্বাক্ষর নিয়ে নিজেরা টাকার অঙ্ক বসিয়ে একটি ব্যাংক একাউন্ট থেকে দেড় লাখ টাকা তুলে নেয়।”

জাহাঙ্গীর দাবি করেছেন, তার সঙ্গে পুলিশের বিশেষ শাখার (এসবি) কবির নামের বরখাস্ত এক কর্মকর্তা ও আরও এক পুলিশ সদস্য জড়িত; তবে তাদের ধরতে পারেনি র‌্যাব।

কনস্টেবল জাহাঙ্গীর দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে মান্নান এক নারীর কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি।

“ওই টাকা তুলে দিতেই মান্নানকে অপহরণ করে তার ব্যাংক থেকে টাকা আদায় করছিল বলে জাহাঙ্গীর দাবি করছে,” বলেন র‌্যাব কর্মকর্তা ইয়াসির।

দুপুরে জাহাঙ্গীরকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। রাতে তাকে ধানমণ্ডি থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল।

পুরনো খবর:

রাজধানীতে ভুয়া পুলিশ আটক