চুয়াডাঙ্গায় বাড়িতে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাড়িতে ঢুকে যুবলীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, শুক্রবার মধ্যরাতে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় হামলায় এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন স্বপন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, রুহুল আমিন স্বপনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, শুক্রবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা স্বপনের বাড়িতে ঢুকে ঘরের ভেতর গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহত স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়।”
তিনি আরো জানান, রাতেই পুলিশ স্বপনের বাড়িতে গিয়ে বোমার আলামত ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া শহরের রেলগেট এলাকায় দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালের এ ঘটনায় আহত রাজু আহমেদ রাজা ও ইমরান আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরিদর্শক কামরুজ্জামান বলেন, যুবলীগ কর্মী রাজু আহমেদ রাজা ও ইমরান হোসেন মোটরসাইকেল করে রেলস্টেশন এলাকা থেকে ফার্মপাড়ার দিকে যাচ্ছিলেন। রেলগেট অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকেই আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
