২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক একটি সংলাপে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিংয়ের পথে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 12:14 AM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শুক্রবার প্রথম প্রহরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি চীন রওনা হন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

ঢাকায় ডিপ্লোমেটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় চীন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স এবং সিঙ্গাপুর দূতাবাসের কনসাল জেনারেলও বিমানবন্দরে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সফরে গেলেন।

আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠেয় ওই সংলাপে মিয়ানমার, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, তাজিকিস্তানসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন।

ইহসানুল করিম জানান, সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন এর সঙ্গে আবদুল হামিদের দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি বয়েছে।

১১ নভেম্বর চীন থেকে দেশে ফেরার পথে রাষ্ট্রপতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন বলেও জানান তিনি।