২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি জেলার পুলিশ যেন আইনের ঊর্ধ্বে’

পুলিশে ‘শৃঙ্খলার অভাব’ দেখা দিয়েছে মন্তব্য করে এর জন্য দৃশ্যত গোপালগঞ্জ থেকে আসা এই বাহিনীর সদস্যদের দোষারোপ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 08:05 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

তিনি বলেছেন, একটি জেলার নাম ব্যবহার করে পুলিশের কিছু কর্মকর্তা ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করে প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা করছেন।

“একটি নির্দিষ্ট জেলার পুলিশ যেন আইনের ঊর্ধ্বে। সভ্য সমাজে তারা যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তা মেনে নেওয়া যায় না।”

ওই জেলার নাম জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা সবাই তা জানেন বলে আমি বিশ্বাস করি।”

পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে এই বাহিনীকে নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

অন্যথায় এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে তা রাষ্ট্রপতির নজরে আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পুলিশের গুলিতে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে বৃহস্পতিবার পুলিশ বাহিনী নিয়ে এসব বলেন তিনি।

গত ১৭ অক্টোবর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত নাফিস সালামকে দেখার পর মিজানুর রহমান বলেন, “কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। এ ধরনের নির্মমতা, বর্বরতা ও অসভ্যতা মেনে নেওয়া যায় না।

“পুলিশ সচেতনভাবে, যে কোনো ধ্বংসাত্মক কাজে যুক্ত না তাকে এমন নির্দয়ভাবে গুলি করতে পারে তা ভাবা যায় না।”

নাফিসের মা লায়লা সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেদিন জুমার নামাজ পড়তে ইকবাল রোডের একটি মসজিদে গিয়েছিলেন নাফিস। নামাজ শেষে সেখানে লতিফ সিদ্দিকীর হজ বিষয়ক বক্তব্য নিয়ে মুসল্লিরা কথা বললে নাফিস তাদের কথা শুনছিলেন।

“হঠাৎ পুলিশ সেখানে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছোড়ে। সবাই আতঙ্কে দৌড় দিলে নাফিসও দৌড় দেয়। পুলিশ এরপর নাফিসকে ধরে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে।”

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন ইকবাল রোডের বায়তুস সালাম জামে মসজিদের সামনে নাফিসসহ ২০/২৫ জন যুবক হিযবুত তাহরীর ব্যানারে মিছিল বের করে রাষ্ট্রবিরোধী শ্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলেও ‘আত্মরক্ষার্থে’ পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “কেউ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও তাকে গুলি করার কোনো অধিকার পুলিশের নেই।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবাধিকার রক্ষার উপরও গুরুত্ব দিতে বলেছেন। অন্য একটি বাহিনী এখন অনেকটাই সংযত হয়েছে। পুলিশকেও সংযত হতে হবে।”

অপরাধ যে-ই করুক তাকে আইনের আওতায় আনতে হবে- মন্তব্য করে তিনি বলেন, “অপরাধীকে সাজা দেওয়ার জন্য আদালত আছে। পুলিশ কখনোই কারো উপর অমানবিক আচরণ করতে পারে না। এটা কেউ ভুলে গেলে চলবে না।”

পুলিশের হাতে কেউ নির্যাতিত হলে উল্টো তাকেই পুলিশ সন্ত্রাসী বানায় এবং মিথ্যা ও হয়রানিমূলকমূলক মামলা দায়ের করে বলে অভিযোগ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের।

“ইদানিং মনে হচ্ছে, আমরা মধ্যযুগ বা দাস যুগে আছি। নাগরিকরা যেন পুলিশের সেবাদাসে পরিণত হয়েছে। এমনটি কারো কাম্য নয়।”

সাম্প্রতিক সময়ে পুলিশি নির্যাতনের প্রতিটি ঘটনা সংশ্লিষ্টদের নজরে এনেছেন জানিয়ে তিনি বলেন, “ তারপরও পুলিশকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা দেখা যাচ্ছে না।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, পুলিশকে নিয়ন্ত্রণ করুন। তা না হলে পুলিশ যেসব ঘটনা ঘটাচ্ছে মানবাধিকার আইন অনুযায়ী আমরা যেসব ঘটনার লিখিত প্রতিবেদন তৈরি করে মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হব। তিনি সংসদে এরপর বিষয়গুলো তুলবেন।”