চট্টগ্রামে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে হরতাল সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে লোহাগাড়ার চুনতি এলাকায় গাড়িতে আগুন দেয়ার চেষ্টার সময় ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই আইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল কয়েক ভাগে বিভক্ত হয়ে সড়কে চলাচলকারী গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে।
“পুলিশ গিয়ে ধাওয়া করলে তারা সড়কের পার্শ্ববর্তী পাহাড়ী এলাকা দিয়ে পালিয়ে যায়।”
তবে তারা কোনো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাংচুর করতে পারেনি বলে জানান তিনি।
এছাড়া সকাল থেকে বন্দর নগরীর কোথাও কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।
নগরীর সবগুলো সড়কে গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও বেড়েছে।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরীর কোথাও কোনো ধরনের নাশকতার চেষ্টাও হয়নি। জেলার কোথাও কোনো ধরণের নাশকতার খবরও পাওয়া যায়নি।
