২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 12:00 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

Image
জামায়াত নেতা আব্দুস সুবহান।

জামায়াত নেতা আব্দুস সুবহান।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বুধবার যুক্তি উপস্থাপন করেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা খান চমন।

যুক্তি উপস্থাপনের শুরুতেই ভূমিকা বক্তব্য দেন গোলাম আরিফ টিপু। পরে সুবহানের অভিযোগের ঐতিহাসিক পটভূমি ও অভিযুক্তের পরিচয় তুলে ধরেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা খান চমন। আসামি সুবহানের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন তিনি।

এরপর মামলার কার্যক্রম বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। যুক্তি উপস্থাপনের সময় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন।

গত ১৫ অক্টোবর আসামির পক্ষে কোনও সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে ট্রা্ইব্যুনালকে জানান আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এরপর ট্রাইব্যুনাল মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে মামলার সর্বশেষ কার্যক্রম যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে দেয়।

মামলার নিয়ম অনুযায়ী প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হবে।  উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামালায় রায়ের জন্য ঠিক করা হবে।

তদন্তকারী কর্মকর্তা (আইও) নূর হোসাইনের সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আসামিপক্ষের জেরার মধ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেপ্তার করা হয়।

এবছরের ৭ এপ্রিল সুবহানের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।