২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেইট ও আজিমপুরে বাসে আগুন

যুদ্ধাপরাধের সাজার প্রতিবাদে ডাকা জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে বুধবার সন্ধ্যার পর রাজধানীর আজিমপুর ও ফার্মগেইটে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 09:25 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

রাত পৌনে ৮টার দিকে ফার্মগেইটে যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহেদুল ইসলাম বাসচালককে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীবেশী ৬/৭জন যুবক কারওয়ান বাজার থেকে উঠে চলন্ত অবস্থায় চালককে মারধর করে। ফার্মগেইট আসার ঠিক আগে সব যাত্রীকে নামিয়ে দিয়ে তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়।

এছাড়া প্রায় একই সময় আজিমপুর মেটারনিটি মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জীবন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার কিছু আগে আজিমপুর মেটারনিটি মোড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

দুটি বাসে আগুন নেভাতে দমকল বাহিনীর দুটি ইউনিট কাজ করে বলে জীবন মিয়া জানান।

আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে চলতি সপ্তাহজুড়ে হরতাল চলছে জামায়াতের। বৃহস্পতিবার পর্যন্ত হরতাল ডেকেছে তারা।