২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় সাংবাদিক আহত, আনসারের রাইফেল লুট

নরসিংদীতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:25 PM

Updated : 26 Jul 2022, 12:45 PM

সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের মুলপাড়া গ্রামে বুধবার এ হামলা চলাকালে কর্তব্যরত আনসার সদস্যের রাইফেলও লুট করে তারা। 

আহতরা হলেন চ্যানেল ৯ এর নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার (৪০), সময় টিভির ক্যামেরাম্যান কাউছার আহমেদ (৪০) ও চ্যানেল ২৪ এর ক্যামেরাম্যান লক্ষণ বর্মন (২৮)।

আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল হায়াত জানান, তিনি (জহিরুল হায়াত)  ও তিতাস গ্যাস নরসিংদীর ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে গ্যাস লাইন বিচ্ছিন্নকারী দল সকালে মুলপাড়া গ্রামে গিয়ে প্রায় ৫শ অবৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এ সময় এলাকাবাসী বিচ্ছিন্নকারীদের উপর হামলা চালায়।

জহিরুল বলেন, তাদের এলোপাতাড়ি পিটুনিতে কর্তব্যরত আনসার সদস্য আবুল কালাম (৪৫) রাইফেল ফেলে রেখে একটি পুকুরে ঝাঁপ দিলে হামলাকারীরা রাইফেলটি লুটে নেয়।

ঘটনাটি উপস্থিত সংবাদকর্মীরা ক্যামেরাবন্দি করার সময় গ্রামবাসী তাদের উপর হামলা চালায়।  

খবর পেয়ে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশের্দ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান।

এ সময় অন্য সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।