ফেনীতে হাতবোমার বিস্ফোরণ
যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ফেনীতে মিছিল থেকে পুলিশের দিকে হাতবোমা ছুড়েছে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশ কোয়ার্টার মোড়ে শিবির ঝটিকা মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে। পুলিশ পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ধাওয়া করে দুই শিবিরকর্মীকে আটক করেছে।
এছাড়া দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানচলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম লক্ষ করা গেছে।
