রংপুর নগর জামায়াত নেতা গ্রেপ্তার
হরতাল চলাকালে নাশকতার চেষ্টার নেতৃত্ব দেওয়ার অভিযোগে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ্ মুহাম্মদ নুর হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ্ মুহাম্মদ নূর হোসাইন দলীয় নেতা-কর্মীদের নিয়ে হাজীরহাটে মহাসড়কে নাশকতার চেষ্টার নেতৃত্ব দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এ জামায়াত নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা, ভোটকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলারও আসামি জানিয়ে পরিদর্শক মিজান বলেন, দীর্ঘদির পলাতক থাকার পর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়েছেন তিনি।
এদিকে হরতাল চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
