পর্যটনের মোটেলে খুন: আরেক নারী আটক
বেনাপোলে পর্যটন মোটেলে ট্যাক্সি চালক সুমন শেখ হত্যাকাণ্ডের আড়াই মাস পর সন্দেহভাজন এক তরুণীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, সোমবার রাত ৮টার দিকে যশোর থেকে বিউটি (২২) নামের মেয়েটিকে আটক করা হয়।
এ নিয়ে ২৩ অগাস্টের ওই হত্যাকাণ্ডের ঘটনায় দুই নারীকে আটক করা হলো।
পোর্ট থানার এসআই কাওছার আলী জানান, বিউটির বাড়ি যশোরের মুড়লীমোড় এলাকায়। এর আগে হত্যাকাণ্ডের পরপরই আটক করা হয়েছিল নীলা খাতুন সুমি নামের একজনকে। সুমির বাড়ি চৌগাছার সলুয়া গ্রামে।
নিহত সুমন শেখ বেনাপোলের ভবারবেড় গ্রামের মোমিন শেখের ছেলে।
এ ঘটনায় সুমনের ভাই বিপ্লব শেখ বাদী হয়ে সুমির নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় মামলা করেন। রাতেই মোটেল থেকে সুমিকে আটক করে পুলিশ। পরে আদালতের আদেশে হেফাজতে নিয়ে পুলিশ সুমিকে দুই দিন জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ কর্মকর্তা অপূর্ব বলেন, “জিজ্ঞাসাবাদে তিনি (সুমি) জানান যে, ওই রাতে ঘটনাস্থলে বিউটিও ছিলেন।”
হত্যাকাণ্ডের পর মোটেলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেছিলেন, সুমিকে প্রায়ই তাদের মোটেলে বিভিন্ন লোকের সঙ্গে আসতে দেখেছেন তিনি।
