দুর্ঘটনায় ঢাকা-আরিচা সড়ক ২ ঘণ্টা বন্ধ
ঢাকার ধামরাই উপজেলায় বাস ও লরির সংঘর্ষের পর মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
সকাল ৭টার দিকে বাথুলী সেতুর ওপরে এ দুর্ঘটনায় বাসের প্রায় ১৫ যাত্রী আহত হন।
ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, যাত্রীরা সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
“দুর্ঘটনার পর ১৬ চাকার ওই লরির পিছনের চাকা ফেঁসে যায় এবং সেটি বাঁকা হয়ে পথ আটকে দাঁড়ায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রেকার দিয়ে লরিটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হলে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।”
এদিকে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। লরিটি সরানো হলে ধীরে ধীরে সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
