২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কামারুজ্জামানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

জাতীয় চার নেতার একজন এএইচএম কামরুজ্জামানকে স্মরণ করেছেন পরিবার ও রাজশাহীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 05:35 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

সোমবার জেলহত্যা দিবসে সারাদেশ স্মরণ করছে বঙ্গবন্ধুর ঘনিষ্ট চার সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। 

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে এ চার নেতাকে হত্যা করা হয়। জাতি এ দিনটিকে জেলহত্যা দিবস হিসেবে পালন করে।

এ চার নেতার মধ্যে তিনজনের কবর রাজধানীর বনানী কবরস্থানে থাকলেও কামরুজ্জামানের কবর রয়েছে রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায়।

রাজশাহীতে এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানান মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

তারা জাতীয় চার নেতার কবরের পাশে কামারুজ্জামানের কবর স্থাপনের দাবি জানান।

ধর্মীয়ভাবে রাজশাহীর কবর থেকে কিছু মাটি নিয়ে বনানী গোরস্থানে তিন নেতার পাশে আরেকটি কবর নির্মাণ সম্ভব বলে মত দেন তারা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামারুজ্জামানের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দলের জেলা সভাপতি আক্তার জাহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

এর আগে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক শোভাযাত্রা বের করেন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নগরীর সাহেববাজার, সোনাদিঘী ও মালোপাড়া হয়ে কাদিরগঞ্জ এলাকায় কামারুজ্জামানের কবর স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।