ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে: ইমরান
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল থাকায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখায় একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিকাষ্ঠেই যেতে হবে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে।
ফাইল ছবি
আপিলের রায় ঘোষণার পর শাহবাগে ইমরান এইচ সরকার বলেন, “আমরা দীর্ঘদিন এই রায়ের প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি।
বিশেষ করে স্বজনরা অপেক্ষা করে আছেন যে তাদের স্বজনদের হত্যার বিচার হবে। আমরা মনে করি এ রায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”
অবিলম্বে এই রায় কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
