হরতালে গাড়ি ভাংচুরের চেষ্টা, আটক ৪
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা হরতালের শেষ দিন সকালে রাজধানীর যাত্রাবাড়িতে গাড়ি ভাংচুরের চেষ্টার সময় চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ি থানার ওসি অবণী শংকর কর জানান, সকাল সাড়ে ৭টার দিকে কাজলা এলাকায় একদল শিবিরকর্মী গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি ওসি।
এর বাইরে রাজধানীর কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতাও।
হরতালের সকালে রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা গেলেও বাস ও অটোরিকশা চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ায় রাজপথে হরতালের প্রভাব দেখা যায়নি খুব একটা।
সকালে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সারাদেশেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রায়ের দিন থাকায় ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে আগের রাত থেকেই।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতালের ঘোষণা দেয় দলটি। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।
এই হরতালের মধ্যেই রোববার জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আর সোমবার আপিল বিভাগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায়ের দিন নির্ধারিত আছে।
