পিকেটারদের ধাওয়া করল বাস চালক ও যাত্রীরা
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে একটি বাসে আগুন দিতে আসা পিকেটারদের ধাওয়া করে প্রতিরোধ করেছে বাস চালক ও তার সহকারীসহ যাত্রীরা।
রোববার বেলা পৌনে ১১টার দিকে চাঁদমারী এলাকার নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) পরিদর্শক নাছির আহম্মেদ জানান, বাসে আগুন দিতে আসাদের মধ্যে ছয় জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানায়, সকালের দিকে ওই সড়কে জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে। এসময় নারায়ণগঞ্জ-চট্টগ্রাম রুটে চলাচলকারী বন্ধু পরিবহনের একটি বাস ভাংচুর করে তাতে আগুন দেয়ার চেষ্টা করে তারা।
এ সময় সেখান থেকে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করে পুলিশ।
বাসে ভাংচুরের সময় অন্তত ১০ জন আহত হন। যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছে স্থানীয়রা।
এছাড়া নারায়ণগঞ্জের আর কোথাও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাসের সংখ্যাও বাড়তে শুরু করে। স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ পরিবহন চলাচল।
জেলা পুলিশ কর্মকর্তা নাছির জানান, নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকের পুলিশও।
