ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের গৌরীপুরের একটি রেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, রোববার সকাল ৮টার দিকে গৌরীপুরের বোকাইনগর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
"ঘটনার পর পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টায় উদ্ধার কাজ চালিয়ে ক্ষতিগ্রস্ত রেলপথ সচল করে।"
ওসি জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি বোকাইনগরে সিগনালবিহীন লেভেল ক্রসিং অতিক্রমের সময় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে বসে থাকা এক যাত্রী নিহত হন। ট্রাক এবং ট্রেনের চালক ও চালকের সহকারীসহ মোট চারজন আহত হন।
