রায়ের দিন হরতালে কড়া নিরাপত্তা
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।
রোববার সকাল-সন্ধ্যা এই হরতালের মধ্যেই যুদ্ধাপরাধে অভিযুক্ত আরেক জামায়াত নেতার রায় দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল।
এবারো মৃত্যুদণ্ডের রায় এলে টানা হরতালের হুমকি দিয়ে রেখেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি।
হরতালের সকালে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতাও।
ফাইল ছবি
হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সারাদেশেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রায়ের দিন থাকায় ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে আগের রাত থেকেই।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতালের ঘোষণা দেয় দলটি। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।
