বাঘাবাড়ী মিল্কভিটার কারখানা অবরুদ্ধ, দুধ সরবরাহ বন্ধ
একটি মামলায় দুই সহকর্মীকে ধরতে পুলিশের অভিযানের প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্কভিটা দুগ্ধ কারখানার প্রধান ফটক অবরুদ্ধ করে রেখেছে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল থেকে প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ায় কারখানা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুধ সরবরাহ বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান আলী জানান, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি ইউনিয়নের একটি ভাড়া করা ট্রাকে মিল্কভিটা কর্তৃপক্ষ ৩৫ বস্তা গুঁড়ো দুধ ঢাকার মিরপুর কারখানায় পাঠায়। পরে ওই দুধসহ ট্রাকটি কারখানার ভিতরে রাখা অবস্থায় রাতে দুধ চুরি হয়ে যায়।
তবে তদন্তে তিনজনের বিরুদ্ধে চুরির অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।
পরে আদালতের নির্দেশে পুনঃতদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
“ওই মামলার আসামি আবদুল হাকিম ও আশরাফুলকে ধরতে রোববার রাতে শাহজাদপুর থানা পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়নের শ্রমিকরা মামলা প্রত্যাহারে দাবিতে মিল্কভিটার প্রধান ফটক অবরোধ করেছেন।”
বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকল্প পন্থায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হলেও তা ঢাকায় পাঠানো সম্ভব হচ্ছে না।
মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান বলেন, “বিষয়টি নিয়ে ঢাকার সিআইডি কার্যালয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে। মিমাংসা হলেই দুধ পাঠানো শুরু হবে।”
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, দুজনকে আটকের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। এরপর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওই ঘটনা ঘটিয়েছে।
