২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যার অভিযোগপত্রের শুনানি পেছালো

একরামুল হক একরাম হত্যার মামলার মূল নথি হাতে না পাওয়ায় অভিযোগপত্রের শুনানি না করে ১২ নভেম্বর নতুন দিন ঠিক করেছে ফেনীর আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

একই সঙ্গে আদালত মামলার ২৯ আসামির পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকী এ আদেশ দেন।

আদালতে পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একরাম হত্যা মামলার মূল নথি জজ কোর্টে থাকায় আদালত অভিযোগপত্রের শুনানির দিন পিছিয়ে ১২ নভেম্বর ঠিক করেছে।   

২৮ অগাস্ট একরাম হত্যামামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আদালতে মামলার অভিযোগপত্র দাখিলের পর এনিয়ে তৃতীয় বারের শুনানির সময় পেছালো।

আবুল কালাম আজাদ বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃত ৩০ আসামির মধ্যে রোববার নিয়মিত হাজিরার দিনে ২৯ জনকে আদালতে হাজির করে আসামীদের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তারকৃত মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

তিনি জানান, একরাম হত্যার ঘটনায় গত ২৬ অক্টোবর পর্যন্ত পুলিশ ও র‌্যাব মিলে ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন চৌধুরী, ফেনী পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই ও মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদুল ইসলাম আবিদসহ ১৬ আসামি আদালতে জবানবন্দি দিয়েছে।

এছাড়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেল ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারসহ ২৬ আসামি পলাতক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ২০ মে দুপুরে ফেনীর শিল্পকলা একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করার হয়।

হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।