ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে জাবি থেকে বহিষ্কার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে ছাত্রলীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনায় ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও একজনের সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক।
এদের মধ্যে পাঁচজনকে আজীবন, সাতজনকে ২ বছর, তিনজনকে ১ বছর, দুইজনকে ৬ মাস, পাঁচজনকে ৩ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই ঘটনায় একজনের সনদপত্র বাতিল ও ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এদের প্রত্যেককেই জরিমানা করা হয়েছে।
নিবন্ধক বলেন,“হামলার ঘটনায় মোট ২৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবে অফিস আদেশ জারি না হওয়ায় কারো নাম প্রকাশ করা যাচ্ছে না।”
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ আগস্ট ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈ গ্রুপের নেতাকর্মীদের হামলায় একই হলের সভাপতি গ্রুপের কয়েক নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ অগাস্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে।
কমিটি সময় বাড়িয়ে নিয়ে দুই মাস পর প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার সিন্ডিকেট সভায় ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, “প্রশাসন তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এদের ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমরা চাই না কোন ‘দুষ্কৃতিকারী’ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকুক।”
