২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের রংপুর মেডিকেল কমিটি বাতিল

গঠনের কয়েকদিনের মধ্যেই শৃঙ্খলাভঙ্গে অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2014, 10:02 PM

Updated : 22 Aug 2022, 07:22 PM

একই সঙ্গে নতুন ওই কমিটির সভাপতি সারেয়ার আলম ও সাধারণ সম্পাদক ফারহান রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

রংপুর মহানগর ছাত্রলীগ আটদিন আগে ওই কমিটি গঠন করেছিল।

বৃহস্পতিবার বিকালে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে কমিটি বাতিল এবং সভাপতি ও সম্পাদককে বহিষ্কারের ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মহানগর ছাত্রলীগ সভাপতি ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ অক্টোবর ৬১ সদস্যের রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ কমিটির মধ্যে শুধু সভাপতি সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক ফারহান রহমানকে অনুমোদন দেওয়া হয়।

“কমিটি গঠনের খবর পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দেননি। উল্টো ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে বলে কলেজে পোস্টারিং করেন।

“দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার এবং কমিটি বাতিল করা হয়েছে।”

সদ্য বাতিল করা কমিটির সভাপতি সারোয়ার আলম কমিটি বাতিল ও বহিষ্কারর চিঠি পাননি বলে জানান।

এছাড়া তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো অপরাধও করেননি বলে দাবি করেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, “কমিটি গঠন নিয়ে কয়েকদিন আগেও ডা. পিন্নু হোস্টেলে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলটির নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।”